নান্দাইলে এসিল্যান্ড তারেকের কর্মদক্ষতায় নিয়মিত সেবা পাচ্ছেন গ্রহীতারা
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের কর্মদক্ষতা ও সুপরামর্শে নিয়মিত সেবা পাচ্ছেন ভূমি অফিসে জমিসংক্রান্ত সেবা নিতে আসা গ্রহীতারা।
সরেজমিনে দেখা গেছে, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল হক তারেক ২৭ সেপ্টেম্বর ২০২৬ যোগদান করার পর থেকেই নিয়মিত অফিস করায় ভূমিসেবায় নতুন গতি ফিরে এসেছে। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে শৃঙ্খলা, সেবার মান বৃদ্ধি ও জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি।
আরও পড়ুন: বগুড়ার দুই থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পুলিশ কর্মকর্তা
তিনি প্রতিদিন সততা ও পেশাদারিত্বের সঙ্গে নামজারি আবেদন নিষ্পত্তির কাজ করে যাচ্ছেন। ভূমিসংক্রান্ত পূর্বের মামলার জট কমিয়ে আনতে যোগদানের পর থেকেই সব মামলা পর্যায়ক্রমে বিধি মোতাবেক নিষ্পত্তির কাজ করে যাচ্ছেন। এ ছাড়া জমিসংক্রান্ত মিসকেইস ও নামজারি মোকদ্দমা নিয়ে জটিলতায় বাদী-বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনে দ্রুত আবেদন সমাধান করে দিচ্ছেন।
তিনি যোগদানের পরপরই একজন সৎ, কর্মঠ ও মানবিক কর্মকর্তা হিসেবে ভূমিসেবা গ্রহীতাদের মাঝে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন: ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালায় চার স্কুলছাত্রী, উদ্ধার হবিগঞ্জে
নান্দাইল ভূমি অফিসে সেবা নিতে আসা উপজেলার সৈয়দগাঁও গ্রামের সহিদুল ইসলাম, মেছেরাকান্দা গ্রামের খোদেজা বেগম ও ঘোষপালা গ্রামের গিয়াস উদ্দিন জানান, আমরা জমিসংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য সহকারী কমিশনার (ভূমি) তারেক সাহেবের কাছে আসলে তিনি আমাদের জমিসংক্রান্ত জটিলতার বিষয়টি অনেকক্ষণ ধৈর্যসহকারে শোনেন এবং তা সমাধানে বাস্তবমুখী পরামর্শ দেন। আমরা তাঁর পরামর্শে খুবই সন্তুষ্ট। আশা করছি, স্যারের সঠিক পরামর্শে আমরা দ্রুত আমাদের জমিসংক্রান্ত ঝামেলাগুলো কাটিয়ে উঠতে পারব।
এদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক যোগদান করার পর থেকেই ভূমি অফিসটিকে দালালমুক্ত ঘোষণা করায় ভূমি অফিসে সেবা নিতে আসা গ্রহীতারা মনে করছেন, তাঁর পেশাগত দক্ষতা ও আন্তরিকতায় ভূমিসেবা গ্রহীতারা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ভূমিসেবা নিতে পারছেন। তাঁদের মতে, এমন একজন জনবান্ধব ও নিষ্ঠাবান কর্মকর্তা নান্দাইলে দীর্ঘদিন কর্মরত থাকলে এলাকার ভূমিসেবায় ব্যাপক পরিবর্তন সম্ভব হবে।





