মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন বাতিল; দিল্লিতে কঠোর নিরাপত্তা

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, ধ্রুব রাঠিসহ আটক বহুজন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬
সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক করে পুলিশ
সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক করে পুলিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। যন্তর মন্তরে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতির সময় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকেসহ বহু মানুষকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার মানুষকে আটক করার খবর পাওয়া গেছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার এ বিক্ষোভের আয়োজন করে সিজেপি এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। কর্মসূচিকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। দিল্লিতে প্রবেশের ক্ষেত্রে তরুণদের বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে মুম্বাই থেকে বিমানে দিল্লি পৌঁছান সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে। সকাল ১০টা ১৯ মিনিটে বিমানটি অবতরণের পর আগে থেকেই প্রস্তুত থাকা পুলিশ ও নারী পুলিশ সদস্যরা তাঁকে ঘিরে ফেলেন।

বিমান থেকে নামার আগেই সিজেপির নেতারা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার শুরু করেন। ওই ভিডিওতে পুলিশ ও নেতাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা দেখা যায়। অভিজিৎ দীপকে বলেন, গ্রেপ্তার হওয়ার আশঙ্কা জেনেই তাঁরা দিল্লিতে এসেছেন এবং তাঁরা ভয় পান না। পরে পুলিশ তাঁকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে। দিল্লি পুলিশও আটকের বিষয়টি স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান

পুলিশের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে সিজেপি এক বিবৃতিতে বলেছে, শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার আগেই নেতাদের আটক করা হয়েছে। দলটির দাবি, এটি পূর্বপরিকল্পিত পদক্ষেপ এবং নাগরিকদের চলাচলের স্বাধীনতার পরিপন্থী। আটক নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

এদিকে বিক্ষোভে অংশ নেওয়ার প্রস্তুতির সময় গুরুগ্রামে নিজের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দিল্লিতে না যাওয়ার অনুরোধ অমান্য করায় তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ছাড়া আইনজীবীদের একটি প্রতিবাদ মিছিলে যোগ দিতে যাওয়ার সময় সিজেপির আইনি সহায়তাকারী রত্না সিংহকেও আটক করা হয় বলে খবর পাওয়া গেছে। সব মিলিয়ে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে আটকের তথ্য সামনে এসেছে।

মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন বাতিল; দিল্লিতে কঠোর নিরাপত্তা

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে প্রায় ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে অন্তত ৪৫টি মেট্রো স্টেশন। বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দিল্লিগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় পুলিশ মাইকিং করে সতর্কবার্তা দেয়।

এ পরিস্থিতির মধ্যে শনিবার সকালে সংবাদ সম্মেলনে বিরোধীদের সমালোচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল দিল্লির শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে।