ইয়েমেনে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ, নিহত ৭৬

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেনে চলমান সংঘাত ও সহিংসতার কারণে গত আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একই সময়ে সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৬ জন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও ২৪৭ জন।

সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন তায়েজ গভর্নরেটে। সেখানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ৪৫ হাজার।

আরও পড়ুন: নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ চার দেশ

দুজারিক আরও জানান, জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ৩২৩ জন বেসামরিক মানুষের হতাহতের তথ্য যাচাই করেছে। তাঁদের মধ্যে ৭৬ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন।

তিনি বলেন, হতাহতদের এক-তৃতীয়াংশেরও বেশি শিশু। নিহতদের অর্ধেকই শিশু। প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা পরিসংখ্যানের চেয়ে আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী জাহাজে আগুন

এদিকে, সড়কে চলাচলের ওপর বিধিনিষেধের কারণে তায়েজে সাধারণ মানুষের যাতায়াত এবং বাণিজ্যিক পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান জাতিসংঘের এই মুখপাত্র।

ইয়েমেনে ২০১৪ সাল থেকে সংঘাত চলছে। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশের বিভিন্ন এলাকা দখল করে নেয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। এর ফলে দীর্ঘস্থায়ী সংঘাতের পাশাপাশি দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।

২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত বেড়েছে। এতে দেশটির মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি