মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরে বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির পরও টানা তৃতীয় সপ্তাহের মতো অপরিশোধিত তেলের দাম কমার পথে রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে পৌঁছেছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটে এ দর রেকর্ড করা হয়।
আরও পড়ুন: ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে স্পষ্ট বার্তা জানায়নি ভারত
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বর সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। জানুয়ারির অধিক লেনদেন হওয়া চুক্তির দামও ২০ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে।
এর আগে বৃহস্পতিবার লেনদেন শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমতে পারে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের ডিসেম্বর চুক্তিতে দরপতনের পরিমাণ ৬ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ওডিশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ যুদ্ধের আগের সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্ত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ বজায় রয়েছে।
রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, রিয়াদে হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন।
তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে উৎপাদন কমানোর সমন্বিত সিদ্ধান্ত অব্যাহত থাকতে পারে—এমন প্রত্যাশাও তেলের দাম বাড়াতে ভূমিকা রাখছে।
আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নির্ধারণ করা হবে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ তাদের মিত্র দেশগুলো নিয়ে গঠিত এই জোট।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বজুড়ে তেল ও গ্যাস বাণিজ্যে ইতিহাসের সবচেয়ে বড় ধরনের বিঘ্ন তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাতের প্রভাবে দীর্ঘ মেয়াদে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা কমে যেতে পারে।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, সরকারগুলো বিদ্যুতায়ন, জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ জোরদার করলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমতে পারে।
সূত্র: রয়টার্স





