বঙ্গোপসাগরে নিম্নচাপ

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম ‘আকভান’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে অগ্রসর হবে, তা এখনো নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। এদিকে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। রোববার সকাল ৬টায় এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ১৮ নভেম্বর বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, নিম্নচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে এটি শেষ পর্যন্ত কোন অঞ্চলের দিকে যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত পূর্বাভাস পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে গেলে দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি ও বাংলাদেশের উপকূলে এর প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী বিজ্ঞপ্তিগুলোর দিকে নজর রাখতে হবে।