পিট হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন মার্কিন রিপাবলিকানরা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের ধাক্কার পর এ উদ্যোগ নিয়ে কংগ্রেসে বিতর্ক তৈরি হয়েছিল।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদে এক প্রক্রিয়াগত ভোটে অভিশংসন প্রস্তাবটি রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর পক্ষে ২১১টি ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ২০৪ জন। একমাত্র রিপাবলিকান সদস্য হিসেবে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন থমাস ম্যাসি। তাঁর নেতৃত্বেই হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা

এই সিদ্ধান্তের ফলে অভিশংসন প্রক্রিয়াটি ধীরগতিতে এগিয়ে নেওয়ার সুযোগ পেলেন রিপাবলিকানরা। একই সঙ্গে হেগসেথের বিরুদ্ধে আনা আটটি অভিশংসন অভিযোগের বিষয়ে সরাসরি ভোট এড়ানোর পথও তৈরি হয়েছে। এসব অভিযোগের মধ্যে ইরান যুদ্ধ পরিচালনার বিষয়টিও রয়েছে।

ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের ডেমোক্র্যাটদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। থমাস ম্যাসি ছাড়া সব রিপাবলিকান সদস্য হেগসেথের পক্ষে ভোট দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

তবে প্রতিনিধি পরিষদে অভিশংসনের উদ্যোগ এগিয়ে গেলেও সিনেটে হেগসেথের দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা কম ছিল বলে মনে করা হচ্ছিল। কারণ, সেখানে অভিশংসনে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে।

‘প্রহসন’ বললেন হেগসেথ

থমাস ম্যাসির আনা প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে আটটি পৃথক অভিশংসন অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। এতে অভিযোগ করা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ শুরু করেছেন তিনি। এ ছাড়া মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে বিভিন্ন নৌযানে হামলা পরিচালনার বিষয়েও তাঁকে দায়ী করা হয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশ এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে মনে করেন।

অভিশংসন প্রস্তাবটিকে ‘নাশকতা’ ও ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন হেগসেথ। অন্যদিকে ট্রাম্প ও তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা তাঁর প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

এদিকে প্রশাসনে হেগসেথের অবস্থান নিয়েও নানা আলোচনা চলছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার জন্য ভোটারদের একটি অংশ ইরান যুদ্ধকে দায়ী করছেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর হেগসেথের অবস্থান নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে বিদায়ী রিপাবলিকান সিনেটর জোনি আর্নস্ট হেগসেথের যুদ্ধ পরিচালনার বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘যুদ্ধের পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে, তিনি কি সে বিষয়ে সত্য বলছেন?’