ইসরায়েলি শাসনব্যবস্থা ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেছেন, ইরান ইসরায়েলি শাসনব্যবস্থাকে ধ্বংস করবে। একই সঙ্গে তাঁর দাবি, সামরিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের নতুন ক্ষেপণাস্ত্র নগরী উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আলী আবদোল্লাহি। এ সময় ইরানের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। শত্রুপক্ষের বিরুদ্ধে তাদের পারফরম্যান্সকে অসাধারণ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা

ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী, তুলনামূলক একই সময়ের মধ্যে অন্য কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করেনি। তবে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ওয়াশিংটনের ব্যর্থতার প্রধান কারণ অস্ত্র বা সামরিক সরঞ্জামের ঘাটতি নয়; বরং ইরানি যোদ্ধাদের দৃঢ় মনোবল ও সংকল্প।

তিনি বলেন, শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সশস্ত্র বাহিনীর দায়িত্ব। প্রতিপক্ষের আকার কিংবা সামরিক সক্ষমতা ইরানের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারবে না। প্রতিরোধের চেতনাই ইরানের সাফল্যের মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, শত্রুপক্ষের হিসাব-নিকাশ ইরান মেনে নেয় না, এসব হিসাব তাদের সংকল্পেও কোনো প্রভাব ফেলে না।

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আলী আবদোল্লাহি এসব মন্তব্য করেন। নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে ইরানকে ধ্বংস করতে হবে, অন্যথায় ইরান ইসরায়েলকে ধ্বংস করবে। এর জবাবে ইরানের এই জেনারেল বলেন, এমন বক্তব্য নতুন কিছু নয়। ইসরায়েলি শাসনব্যবস্থাকে ধ্বংস করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আলী আবদোল্লাহির দাবি, প্রতিপক্ষ ইতোমধ্যে নিজেদের সামরিক সক্ষমতা পরীক্ষা করেছে এবং হাতে থাকা সব শক্তি নিয়ে যুদ্ধে নেমেও লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করা। তবে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্র এখন নিশ্চিতভাবে পরাজিত—এমন দাবি করেন তিনি।

আগামী যুদ্ধের বিষয়ে সতর্ক করে এই সামরিক কর্মকর্তা বলেন, পরবর্তী যুদ্ধে একের পর এক নতুন বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে শত্রুপক্ষকে।

অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করা হয়। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়।

সূত্র: তাসনিম নিউজ