আজ অনিরুদ্ধ-কাব্যর বিয়ে,গ্রিসে সম্পন্ন বাগদান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের দক্ষিণী সংগীতজগতের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। অন্যদিকে, আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই দুই তারকা। আজ বুধবার (১১ নভেম্বর) গ্রিসে ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসছেন অনিরুদ্ধ ও কাব্যা। এর আগে গত ১০ নভেম্বর সম্পন্ন হয়েছে তাঁদের বাগদান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গ্রিসে ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা ঘরোয়াভাবে সম্পন্ন হলেও আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা।

আরও পড়ুন: উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে ঢাকায় বিশেষ সংগীত আয়োজন

সংবর্ধনা অনুষ্ঠানের তারিখটি গত অক্টোবরেই নিশ্চিত করা হয়েছিল। এ উপলক্ষে কাব্যার বাবা-মা, সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও কাভেরি মারান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করে তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

এদিকে অনিরুদ্ধ ও কাব্যার বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও আলোচনা চলছে। আইভরি ও পাউডার ব্লু রঙে সাজানো আমন্ত্রণপত্রের বাক্সটি ইতিমধ্যে নজর কেড়েছে। ডিজাইনার রঞ্জিনী আয়েঙ্গার জানিয়েছেন, আমন্ত্রণপত্রের নকশা তৈরির প্রক্রিয়ায় অনিরুদ্ধ ও কাব্যা নিজেরাও যুক্ত ছিলেন।

আরও পড়ুন: আসছে নিলয় আলমগীর ও মাহির ‘জটিল প্রেম’

চেন্নাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতি, খেলাধুলা ও চলচ্চিত্রজগতের অনেক পরিচিত মুখের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়সহ চলচ্চিত্র ও বিনোদনজগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘ভেলাইল্লা পাট্টাথারি’, ‘কাথি’, ‘পেট্টা’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘জেলার’ ও ‘লিও’র মতো সিনেমায় সংগীত পরিচালনা করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। অন্যদিকে কাব্যা মারান সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে।