প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বেশ কিছু অধিকার থেকে বঞ্চিত হবেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় কাজ করতে চায়।
শেখ হাসিনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন। এরপরও শেখ হাসিনা যে পরিমাণ মনোযোগ পাচ্ছেন, তা দুঃখজনক। তাঁর ভাষ্য, শেখ হাসিনা স্বৈরাচারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে নিজেই রাষ্ট্র হয়ে উঠেছিলেন।
আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগকে ‘মাফিয়া দল’ আখ্যা দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়। দলটি অর্থের বিনিময়ে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দলের কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলেও কিংবা তিনি জামিনে থাকলেও আওয়ামী লীগের হয়ে কোনো সভা করতে পারবেন না।
এ সময় বাজারে নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না হওয়ার বিষয়টিও স্বীকার করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরবরাহে সংকট থাকতে পারে এবং এ বিষয়ে তদারকি চলছে। তবে সরকারকে আরও সতর্ক হতে হবে।
দেশের খাদ্য মজুত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি খাদ্য মজুত রয়েছে।





