বাংলাদেশে আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন, নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট অডিট দল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৭ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) এভিয়েশন সিকিউরিটি অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবারের অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা উদ্বেগ পাওয়া যায়নি বলে জানিয়েছে অডিট দল। একই সঙ্গে বাংলাদেশের বিমান চলাচলের নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে সংস্থাটির প্রতিনিধিদল।

শুক্রবার (৬ নভেম্বর) অডিট কার্যক্রম শেষে আইকাও প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে এক নৈশভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ আইকাও অডিট দলের সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইকাও অডিট দলের প্রধান মি. ক্যালাম লুইস ভাইন বাংলাদেশের এভিয়েশন নিরাপত্তাব্যবস্থার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আগের তুলনায় বাংলাদেশের বিমান চলাচলের নিরাপত্তাব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এবারের অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা উদ্বেগ (মেজর সিকিউরিটি কনসার্ন) পাওয়া যায়নি।

আরও পড়ুন: কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

এ সময় নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে বেবিচক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নেওয়া উদ্যোগ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত অডিট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, এবারের অডিট সফলভাবে সম্পন্ন করার পেছনে বেবিচক, এভিয়েশন সিকিউরিটি বিভাগ এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রস্তুতি ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশেষ করে বেবিচক চেয়ারম্যানের নিবিড় তদারকি, নিয়মিত পর্যালোচনা সভা ও কার্যকর দিকনির্দেশনার প্রশংসা করেন তিনি। পাশাপাশি অডিট কার্যক্রমে সহযোগিতা ও গঠনমূলক পর্যবেক্ষণের জন্য আইকাও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

অডিট দলে যুক্তরাজ্যের মি. ক্যালাম লুইস ভাইন ছাড়াও শ্রীলঙ্কার মি. পাঠবেরিয়া আপ্পুহামিলাগে জয়কান্তা, ফিলিপাইনের মিস আলেসান্দ্রা অ্যারেনাস এবং সিঙ্গাপুরের মি. শেখ আবদুল্লাহ বিন আব সুকর উপস্থিত ছিলেন।

বেবিচক জানিয়েছে, আইকাওয়ের নির্দেশনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও টেকসই করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।