মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৪ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি ১২টি আসনে জয় পেয়েছে। বিপরীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে চারটি আসন।

প্রতিনিধি পরিষদের মোট আসন ৪৩৫টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। ২০২৪ সালের সর্বশেষ নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকানরা। ফলে এবারের নির্বাচনে অল্প ব্যবধানের আসনগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: রাফিনহার জোড়া গোলে বার্সেলোনার দাপুটে জয়

সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে দিনভর ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত নয়টি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। তবে কয়েকটি অঙ্গরাজ্যে তখনো ভোটগ্রহণ চলছিল। সেসব এলাকার ফল জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচতে পাঁচ নির্দেশনা প্রচার

আলজাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে রিপাবলিকান প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে আছেন ৩৫টি আসনে। ভোট গণনা ও ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এই হিসাব পরিবর্তিত হতে পারে।

এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোটগ্রহণ হয়েছে। প্রাথমিক হিসাবে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি এবং দুটি আসনে এগিয়ে রিপাবলিকানরা। তবে সিনেটের এসব আসনে এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।