১ লাখ ২০ হাজার টাকা লুটসহ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার সোহান

Sanchoy Biswas
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৭ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার মোহনগঞ্জে ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে সবুজ মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও তাঁর দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় দোকানের ক্যাশ থেকে ১ লাখ ২০ হাজার টাকা লুটের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ আল সোহানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামসংলগ্ন পিংকী সাইকেল স্টোরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বর্তমানে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আরও পড়ুন: হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোহান কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সবুজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে দোকান ভাঙচুর করে ক্যাশে থাকা টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ীর ছোট ভাই কমল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলা করেন। পরে অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কাজীর মৃত্যুর ৭৭ দিনেও জব্দ হয়নি নিকাহ রেজিস্ট্রার বই, অবৈধভাবে চলছে বিয়ের কার্যক্রম

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, সোহানের বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।