দাউদকান্দিতে বাসে মিলল ২০ হাজার ইয়াবা, আটক ১
কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. পারভেজ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আরও পড়ুন: ওসি ধুনটের বিরুদ্ধে এবার ধর্ষণ মামলার আলামত নষ্ট ও অর্থ নেয়ার অভিযোগ
আটক পারভেজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর এলাকার বাসিন্দা। তবে তিনি কুমিল্লা নগরের কোতোয়ালি থানার সূর্যনগর এলাকার বাসিন্দা বলেও পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় একটি বাসে তল্লাশি চালিয়ে পারভেজের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আদর্শ স্কুলের ২০০১ ব্যাচের জমজমাট পুনর্মিলনী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ পুলিশকে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





