পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি এবং কারখানার উৎপাদন বন্ধ রাখতে উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

তিনি বলেন, গার্মেন্টস কারখানা বন্ধ করার উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার অনেক কিছুই শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। রাজনৈতিক হীন উদ্দেশ্য বাস্তবায়নে কোনো কোনো মহল উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, শ্রমিকদের উত্থাপিত দাবি-দাওয়া পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরা এতে সন্তুষ্ট। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট।

মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি সামনে আসবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক বিষয়গুলো বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরির সুযোগ নেই। যারা কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কিছু মহল রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলেও সতর্ক করেন তিনি।