গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর জেলা শাখা।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।
আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম কাঞ্চন, এম আসাদুজ্জামান সাদ, খোরশেদ আলম, গোলাম রসুল দিনার, হাফিজুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, 'গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে একজন প্রার্থী কর্তৃক সাবেক মেয়রের জাহাঙ্গীরের নাম ভাঙিয়ে ও অর্থ বিলিয়ে প্রকাশ্যে ভোট ক্রয়ের নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিভিন্ন অনিয়ম, একাধিক প্রার্থী ও সাধারণ ভোটারদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছেন। এহেন অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থেই ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কোনো ধরণের বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই।'
আরও পড়ুন: নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, একজন প্রার্থী নির্বাচন স্থগিতের পেছনে সরকারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছেন। তিনি অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন যে—মন্ত্রণালয়ের নির্দেশে নাকি নির্বাচন বন্ধ হয়েছে। আমরা এই দায়িত্বজ্ঞানহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।





