পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২
পাবনার মালঞ্চি ইউনিয়নে সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের গোপিনাথপুর এলাকার বিলে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম।
নিহতরা হলেন, মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুরা গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২) একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।
আরও পড়ুন: নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় জুম্মার নামাজ পর মালঞ্চির বিভিন্ন এলাকার কয়েকজন সোনাপাতিল বিলের গোপিনাথপুর অংশে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি শুরু হলে তারা বিলের একটি ছাউনিতে আশ্রয় নেয়। পরে হঠাৎই বজ্রপাত পরে তাদের ওপর। এসময় ৬ জনই ঘটনাস্থলে মারা যায়। বাকি দুজন গুরুতর আহতাবস্থায় পড়েছিলো। বিলের ওই অংশ দুর্গম হওয়ায় বৃষ্টি থামার বেশকিছু সময় পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
এব্যাপারে পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, একইসাথে ছয়জন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তারা মাছ ধরতে ওই বিলে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে এমন মৃত্যু ঘটে। এদের কয়েকজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছিলো, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





