বিগ-বি উদ্যোগ এগিয়ে নিতে একমত তারেক রহমান ও সানায়ে তাকাইচি
আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় এক ট্রিলিয়ন ইয়েন বা এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা করছে জাপান। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিতে সম্মত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপানের রাজধানী টোকিওতে তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সানায়ে তাকাইচি।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের উন্নয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, এ অঞ্চলে সরবরাহব্যবস্থার সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে কাজ করছে জাপান। দুই দেশের সহযোগিতার অন্যতম ভিত্তি হিসেবে বিগ-বি উদ্যোগকে আরও গতিশীল করার বিষয়ে তাঁরা একমত হয়েছেন।
আরও পড়ুন: দ্রুতগতির রেল, উড়াল সড়ক ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
সানায়ে তাকাইচি জানান, নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের মাধ্যমে বিগ-বি প্রকল্প এগিয়ে নেওয়া হবে। এর আওতায় বাংলাদেশ ও জাপান আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করবে।
নতুন উদ্যোগের চারটি প্রধান স্তম্ভের কথাও তুলে ধরেন তিনি। এগুলো হলো—যোগাযোগব্যবস্থার সংযোগ জোরদার করা, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়নের পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা।
আরও পড়ুন: গণতন্ত্রের সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রিজভী
জাপানের প্রধানমন্ত্রী বলেন, এসব ক্ষেত্রকে ভিত্তি করে দুই দেশ পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায়। এর মাধ্যমে উভয় দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে সানায়ে তাকাইচি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী দেশ হিসেবে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
তাঁর মতে, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপান এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।
এর আগে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই জানায়, আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানের বেসরকারি খাত থেকে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও ২২ অক্টোবর এ-সংক্রান্ত খবর প্রকাশ করে।
তবে ঘোষিত বিনিয়োগের অর্থ এখনো বাস্তবে বিনিয়োগ করা হয়নি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্প, অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে।





