সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট কাটবেন যেভাবে
ঢাকা-কক্সবাজার রুটে আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন করে চলাচল করবে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। ওইদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রাত ৩টায় ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করায় ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রী ট্রেনে করে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবে। এর ফলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে যেমন পর্যটক বাড়বে, তেমনি রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় এসব জেলার লোকজন ট্রেনে করে কক্সবাজার যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত ছিল। ঢাকা-কক্সবাজার রুটের মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক যুগান্তরকে বলেন, ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চলাচল নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে পরদিন সকাল ছয়টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল আটটায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু হয়েছে।
আরও পড়ুন: সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে হবে- এবিএম সিরাজুল মামুন
অনলাইনে নিবন্ধন করার নিয়ম
ট্রেনের টিকিট অনলাইনে কিনতে হলে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ এবং সচল মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে।
নিবন্ধন সম্পন্ন করার ধাপগুলো হলো—
১. প্রথমে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. ওয়েবসাইটে থাকা ‘Register’ অপশনে ক্লিক করুন।
৩. এরপর ‘Create an Account’ নামের পেজে প্রয়োজনীয় তথ্য দিন।
৪. নির্ধারিত ঘরে এনআইডি নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বরসহ চাওয়া তথ্য পূরণ করুন।
৫. নিবন্ধনের জন্য মোবাইলে নিরাপত্তা কোড পাঠানো হলে সেটি নির্দিষ্ট ঘরে লিখুন।
৬. সব তথ্য যাচাই করে ‘Register’ বাটনে ক্লিক করুন। তথ্য সঠিক থাকলে নিবন্ধন সফল হওয়ার বার্তা দেখা যাবে।
যেভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন
নিবন্ধন সম্পন্ন হলে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট https://eticket.railway.gov.bd/ থেকে টিকিট কেনা যাবে।
টিকিট কেনার প্রক্রিয়া নিচে দেওয়া হলো—
১. ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধিত অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগইন করুন।
২. এরপর ‘Purchase Ticket’ অপশনে ক্লিক করুন।
৩. যাত্রার তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, আসনের শ্রেণি এবং প্রয়োজনীয় টিকিটের সংখ্যা নির্বাচন করুন।
৪. পরবর্তী পেজে নির্বাচিত ট্রেনের আসন খালি আছে কি না এবং টিকিটের মূল্য দেখে নিন।
৫. পছন্দের আসন ও অন্যান্য তথ্য ঠিক থাকলে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করুন।
টিকিটের মূল্য পরিশোধ করবেন যেভাবে
অনলাইনে টিকিট কেনার সময় ওয়েবসাইটে প্রদর্শিত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী মূল্য পরিশোধ করতে হবে। সাধারণত নির্ধারিত ব্যাংক কার্ড ও অনলাইন পেমেন্টের সুবিধা ব্যবহার করা যায়।পেমেন্ট সফল হলে ই-টিকিট সাধারণত নিবন্ধিত ই-মেইল ঠিকানায় পাঠানো হয়। পাশাপাশি অ্যাপ বা ওয়েবসাইটের অ্যাকাউন্ট থেকেও টিকিটের তথ্য দেখা যেতে পারে।





