জুলাই এক দিনের ঘটনা নয়, গণতান্ত্রিক সংগ্রামের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান এক দিনে সংঘটিত হয়নি; বরং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। জাতীয় জীবনের ভবিষ্যৎ পথনির্দেশনায় এই সনদের গুরুত্ব রয়েছে। জুলাইয়ের রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতির স্মৃতিতে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগাবে।
আরও পড়ুন: অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ
জুলাইয়ের চেতনা ও ইতিহাসকে সাহিত্য, নাটক এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তুলে ধরার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু জুলাই মাসে বা বার্ষিক অনুষ্ঠানের মধ্যেই এই ইতিহাসকে সীমাবদ্ধ রাখলে চলবে না। শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় জীবনের প্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়িত হবে না।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত প্রক্রিয়ার কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইন ও বিধিবিধানের সঙ্গে সম্পর্কিত। এসব প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় নিরলস কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি
তিনি আরও বলেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া আনতে চায়, যেটিকে কেউ সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন। তবে বিরোধী দল সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নের কাজ চলছে। শহীদদের আকাঙ্ক্ষাগুলোও সেই পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেন তিনি।





