টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকস্তব্দ তারকারা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ। বিশেষ করে, আগুনের মধ্যে সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আর্তনাদ নাড়িয়ে দিয়েছে ইরফানকে। একই সঙ্গে রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় নিজের কষ্টের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। এক পোস্টে তিনি লেখেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’

আরও পড়ুন: মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সেরার মুকুট উঠল যাদের মাথায়

অন্যদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্ট পরিচালনায় নিরাপত্তার গুরুত্ব নিয়ে সরব হয়েছেন ইরফান সাজ্জাদ। তাঁর মতে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গ্রাহকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছাড়া কীভাবে এ ধরনের রিসোর্ট ব্যবসা পরিচালনা করে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ইরফান সাজ্জাদ লেখেন, ‘মন চাইল বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেছেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নামসর্বস্ব রিসোর্টগুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’

আরও পড়ুন: আমার কাছে অপরাধী তো এখন আপনারা: পরীমণি

এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না।

মর্মান্তিক এই ঘটনা পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি জোরদারের প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।