মুক্তি পাচ্ছে সাবিনা ইয়াসমিন এর নতুন গান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:০৫ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আসছে নতুন গান ‘না বলা গল্প’। এতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। আগামী ৫ নভেম্বর প্রকাশ পেতে যাচ্ছে গানটি। দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের বাইরের একটি রোমান্টিক গানে একসঙ্গে পাওয়া যাবে এই দুই শিল্পীকে।

জানা গেছে, মোমিন বিশ্বাস ভিভো ও সাম মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের প্রস্তুতি চলছে। গানটির কথা লিখেছেন গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম। সুর করেছেন জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষ। 

আরও পড়ুন: বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোমিন বিশ্বাস বলেন, ‘ছোটবেলায়, যখন গান শেখাও শুরু করিনি, তখন থেকেই পরম শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন দেখতাম। তিনি আমার প্রাণের শিল্পী। তাঁর সঙ্গে ষষ্ঠবারের মতো দ্বৈত গান গাওয়ার সুযোগ পাওয়া আমার শিল্পীজীবনের পরম প্রাপ্তি। আশা করি, বাংলা গানের শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করবেন।’

সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রের বাইরে ভীষণ রোমান্টিক একটি গান করলাম। মোমিনকে আমি ভীষণ স্নেহ করি। ও সবসময়ই ভালো গায়। ওর গায়কির নিজস্বতা আমাকে মুগ্ধ করে। গানটি বেশ সুরেলা হয়েছে। গীতিকার সামছুল আলম চমৎকার লিখেছেন। আর রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরকার। এই গানেও তাঁর দক্ষতার পরিচয় পাওয়া গেছে। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি, সবার ভালো লাগবে।’

আরও পড়ুন: তিন বছরের প্রেমে ইতি টানলেন সাইফপুত্র

গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম বলেন, ‘সাবিনা ইয়াসমিন বাংলা গানের মহান একজন শিল্পী। আবেগী গায়কী দিয়ে তিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। তার জন্য গান লিখতে পারা যেকোনো গীতিকারের জন্যই বিরাট প্রাপ্তি।’

সুরকার রাজেশ ঘোষ বলেন, ‘অনেক দিন পর আমাদের দিকপাল শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্য গান করার সুযোগ হলো। আমরা গর্বিত, আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন। এই গানে তাঁর গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। মোমিন বিশ্বাসও চমৎকার গেয়েছেন। গানটি নিয়ে আমিও ভীষণ আশাবাদী।’

এদিকে গানটির সংগীতচিত্রেও থাকছে বিশেষ চমক। এতে অভিনয় করেছেন দেশের দুই জনপ্রিয় উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও নূঝহাত সাওম। সংগীতচিত্রটি নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নিলয়। সব মিলিয়ে ‘না বলা গল্প’ নিয়ে শিল্পী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, গানটি শ্রোতাদের ভালো লাগবে।