জাবির জলাশয়ে পরিযায়ী পাখির আনাগোনা, নিরাপত্তায় প্রশাসনের নির্দেশনা
শীত মৌসুমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। এসব পাখির নিরাপদ বিচরণ ও অভয়ারণ্য নিশ্চিত করতে পাখিকে বিরক্ত না করা, জলাশয়ের পাশে গাড়ি পার্কিং না করা এবং উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
আরও পড়ুন: শাজাহানপুরে মাদলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত আসন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে। এসব জলাশয় পাখির অবাধ বিচরণের ক্ষেত্র। পাখির জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি পর্যবেক্ষণ করতে হবে। জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া এবং উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৭
এ ছাড়া পাখিদের ভয়ভীতি না দেখানো এবং জলাশয়ে পানির বোতল, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য না ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাখির প্রতি ভালোবাসা ও মমত্ববোধ তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সহায়ক হতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সহযোগিতা কামনা করেছে।





