১৫০ তম পর্বে মধ্যবিত্ত জীবনের গল্পে নির্মিত 'মিডল ক্লাস ফ্যামিলি'
গত ২৯ মার্চ মাছরাঙা টেলিভিশনে শুরু হয় ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নাটকটি। আগামীকাল ২৯ অক্টোবর প্রচারিত হবে ধারাবাহিকটির ১৫০তম পর্ব।
ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না এবং প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এর কেন্দ্রীয় চরিত্র জমিরউদ্দিন সরকার। অবসরপ্রাপ্ত এই শিক্ষক আদর্শের সঙ্গে নিজের কর্মজীবন শেষ করেছেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার।
আরও পড়ুন: সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন অভিনয়শিল্পী সংঘ
জমিরউদ্দিনের পরিবারকে ঘিরে গল্প এগোলেও এর প্রতিটি চরিত্রে ফুটে উঠেছে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের পরিচিত চিত্র। পরিবারের বড় ছেলে মবিনের স্বপ্ন অর্থবিত্তের মালিক হওয়া। মধ্যবিত্ত জীবনের গণ্ডি পেরিয়ে প্রতিষ্ঠিত হতে চায় সে। বাবার মতো সাধারণ জীবনযাপন তার পছন্দ নয়। অন্যদিকে, ছোট ছেলের কাছে বাবার আদর্শে জীবন গড়াই সাফল্যের প্রকৃত অর্থ।
পরিবারের দুই মেয়ে পড়াশোনার পাশাপাশি স্বাধীনভাবে জীবন কাটাতে চায়। অন্যদিকে, মা এখনো সন্তানদের ছোট মনে করেন। স্নেহ-মমতায় সবাইকে আগলে রাখাই তার চাওয়া। আর জমিরউদ্দিনের ইচ্ছা, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে গ্রামে ফিরে বাকি জীবন কাটাবেন তিনি।
আরও পড়ুন: দিলজিতের কনসার্টে ৭০০ মিটারজুড়ে যান চলাচল নিষেধ
তবে চাইলেই যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না, সেই বাস্তবতাও উঠে এসেছে নাটকটিতে। নানা সংকট ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে চলে পরিবারটির জীবন। বাঙালি মধ্যবিত্তের চেনা জীবনসংগ্রাম, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা এবং ছোট ছোট আনন্দ-বেদনার গল্পই ধারাবাহিকটির মূল উপজীব্য।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের একটা চিত্র উঠে আসে। চরিত্রগুলোতে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।’
আফনাফ শ্যামলের রচনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মালসহ অনেকে।





