সৌদিতে ১৫৩ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বুধবার(২৮ অক্টোবর) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিতের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৭৬। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

আরও পড়ুন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানানো হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।