নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই জনপ্রিয় সিরিজ
বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পাওয়া মোশাররফ করিম অভিনীত দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার দেখা যাবে নেটফ্লিক্সে। হইচইয়ের জন্য নির্মিত সিরিজ দুটি নতুন ভাষায় পৌঁছে যাবে আন্তর্জাতিক দর্শকদের কাছে। নেটফ্লিক্সে এগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রকাশিত হবে। তবে ‘মহানগর’ নাম অপরিবর্তিত থাকলেও ‘বোহেমিয়ান ঘোড়া’র নতুন নাম রাখা হয়েছে ‘শাদি কা সিয়াপা’।
সম্প্রতি হইচই ও নেটফ্লিক্সের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে হইচইয়ের জনপ্রিয় ও প্রশংসিত সিরিজ, নতুন প্রিমিয়ার এবং নির্বাচিত রিমেক ভারতীয় দর্শকদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরে হইচইয়ের নতুন সিরিজগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে মুক্তি পাবে। এ ছাড়া হইচইয়ের নির্বাচিত কিছু অরিজিনাল সিরিজের নতুন সংস্করণও তৈরি করা হবে।
আরও পড়ুন: ঐশ্বরিয়ার হাত ছুঁতেই সালমানকে ধমক বানসালির
এই উদ্যোগের আওতায় নেটফ্লিক্সে তিন ভাষায় মুক্তির তালিকায় রয়েছে হইচইয়ের ১৪টি সিরিজ। এর মধ্যে বাংলাদেশের ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ জায়গা করে নিয়েছে।
‘মহানগর’-এ ওসি হারুনের গল্প
আরও পড়ুন: একই গান দুবার গেয়েছিলেন শ্রেয়া, নেপথ্যে ছিল যে কারণ?
নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায় তৈরি ‘মহানগর’-এর গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি থানায় ঘটে যাওয়া এক রাতের ঘটনাকে কেন্দ্র করে। এতে ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। গভীর রাতে এক প্রভাবশালী ব্যক্তির ছেলে সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ার পর তাকে থানায় আনা হয়। এরপর শুরু হয় রাজনৈতিক চাপ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নানা ঘটনা। এসব পরিস্থিতিতে ওসি হারুনের কৌশলী ভূমিকা সিরিজটির গল্পকে এগিয়ে নিয়ে যায়।
সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ আরও অনেকে। ইতিমধ্যে ‘মহানগর’-এর দুটি সিজন মুক্তি পেয়েছে। এবার নতুন ভাষায় সিরিজটি আরও বড় পরিসরের দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছে।
‘বোহেমিয়ান ঘোড়া’ এবার ‘শাদি কা সিয়াপা’
অন্যদিকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’র কেন্দ্রীয় চরিত্র আব্বাস। পেশায় ট্রাকচালক আব্বাস সাতটি জেলায় সাতটি বিয়ে করে আলাদা আলাদা সংসার চালায়। এক সংসারের খবর অন্য সংসারে পৌঁছাতে না দিয়ে সে নিজের মতো করে সব সামলে নেয়। কিন্তু এক তরুণীকে অনিচ্ছাসত্ত্বেও বিয়ে করতে বাধ্য হওয়ার পর তার সাজানো জীবনে নানা জটিলতা তৈরি হয়।
আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ ছাড়া সিরিজটিতে রয়েছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনসহ আরও অনেকে। নেটফ্লিক্সে সিরিজটির নাম রাখা হয়েছে ‘শাদি কা সিয়াপা’।
এদিকে ‘বোহেমিয়ান ঘোড়া’র নতুন পর্ব নিয়েও পরিকল্পনা চলছে। গত মাসে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানিয়েছিলেন, আব্বাসের গল্প নিয়ে নতুন কিস্তি তৈরির কাজ এগোচ্ছে। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। শিগগিরই ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।
নেটফ্লিক্সে আসছে ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’
হইচই ও নেটফ্লিক্সের এই উদ্যোগের আওতায় আরও রয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিরিজ ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’। প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিরিজটি আগামী ডিসেম্বরে হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরে এটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সেও দেখা যাবে।
বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষার কনটেন্টকে নতুন ভাষায় উপস্থাপনের এই উদ্যোগের ফলে আঞ্চলিক গল্পগুলো আরও বিস্তৃত দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছে।





