আবুধাবিতে শাহরুখের সঙ্গীত উৎসব
বলিউডের বাদশাহ শাহরুখ খানের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব ‘ইউনিফাইড’। আগামী ২০২৭ সালের ২০ মার্চ ইয়াস আইল্যান্ডের ইতিহাদ লাইভে বসবে এই আয়োজনের প্রথম আসর। এতে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং, করণ আউজলা ও সোনু নিগম।
সাধারণত বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হন শাহরুখ খান। এবার সিনেমার বাইরে ভিন্ন এক ভূমিকায় দেখা যাবে এই তারকাকে। ‘ইউনিফাইড’ উৎসবের সৃজনশীল পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ভারতীয় সংগীতের বিভিন্ন ধারা ও প্রজন্মের শিল্পীদের একই মঞ্চে নিয়ে আসাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন খায়রুল বাসার
এক দিনের এই উৎসবে একাধিক মঞ্চে ১৫ জনেরও বেশি শিল্পীর পারফর্ম করার কথা রয়েছে। বলিউডের জনপ্রিয় গানের শিল্পী অরিজিৎ সিং, পাঞ্জাবি সংগীতের তারকা করণ আউজলা এবং বর্ষীয়ান প্লেব্যাক গায়ক সোনু নিগমকে একসঙ্গে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সোনু নিগম তাঁর দীর্ঘ সংগীতজীবনে প্রথমবারের মতো কোনো সংগীত উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন। ফলে এই আয়োজন তাঁর ভক্তদের জন্যও বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: সাবিলার প্রেমে ডিওপি মামুন, ভাঙনের সুর বেজেছে দুই সংসারে
উৎসবটি আয়োজন করছে ডি’ইয়াভোল লাইভ ও ডিস্ট্রিক্ট। এতে সহযোগিতা করছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং মিরাল। পাশাপাশি অংশীদার হিসেবে রয়েছে এমিরেটস এনবিডি। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ভারতীয় সংগীতের আন্তর্জাতিক জনপ্রিয়তাকে উদযাপন করার পাশাপাশি বিভিন্ন প্রজন্ম ও সংগীতধারার শ্রোতাদের একত্রিত করবে ‘ইউনিফাইড’
এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘আমি সারা জীবন পর্দায় গল্প বলে এসেছি এবং দেখেছি, কীভাবে গল্প মানুষকে একত্রিত করে। সংগীতের মধ্যেও একই অসাধারণ শক্তি রয়েছে। “ইউনিফাইড” প্রথমবারের মতো ভারতের অসাধারণ কিছু শিল্পীকে একটি অভিন্ন মঞ্চে একত্রিত করবে।’
আয়োজকদের প্রত্যাশা, আবুধাবিতে এই উৎসবের প্রথম আসর সফল হলে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য শহর ও আন্তর্জাতিক বাজারেও আয়োজনটি সম্প্রসারণ করা হবে। আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, এমিরেটস এনবিডি কার্ডধারীদের জন্য টিকিটের প্রি-সেল শুরু হবে ১৯ অক্টোবর ২০২৬, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়। এই সুবিধা শেষ হবে ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায়। সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে একই দিন সকাল সাড়ে ১০টায়। টিকিট পাওয়া যাবে ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে। তবে এখনো টিকিটের মূল্য প্রকাশ করা হয়নি।
অরিজিৎ সিংয়ের জনপ্রিয় গান, সোনু নিগমের কালজয়ী সুর এবং করণ আউজলার পাঞ্জাবি সংগীতের সমন্বয়ে ‘ইউনিফাইড’ ২০২৭ সালের আবুধাবির বিনোদন আয়োজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে।





