তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৯৭৩ সাল থেকে সংগীতের সঙ্গে যুক্ত তপন চৌধুরী। তবে সংগীতাঙ্গনে পরিচিতি পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে আরও কিছুটা সময়। তাঁর সংগীতজীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১৭ সালের ৭ জানুয়ারি ঢাকা ক্লাবে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন দেশের সংগীতাঙ্গনের বহু গুণী শিল্পী ও ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ফেরদৌস ওয়াহিদ, আবিদা সুলতানা, রফিকুল আলম, নকীব খান, কুমার বিশ্বজিৎ, আইয়ূব বাচ্চু, মাকসুদ, ফোয়াদ নাসের বাবু, আলম আরা মিনু, এস ডি রুবেল ও শওকত আলী ইমনসহ আরও অনেকে।

এ বছরের শেষ প্রান্তে আয়োজন করা হচ্ছে তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর পূর্তির আয়োজন। তপন চৌধুরী এখন কানাডায় স্থায়ী হয়েছেন। তাই প্রথম আয়োজনটা সেখানেই হচ্ছে। পরবর্তী সময়ে বাংলাদেশেও ৫০ বছর পূর্তির অনুষ্ঠান করার পরিকল্পনা আছে তাঁর। 

আরও পড়ুন: সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন খায়রুল বাসার

আগামী ১২ ডিসেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে ‘তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছরের পথচলা উৎসব’। আয়োজন করছে রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাব। অনুষ্ঠানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত তপন চৌধুরী।

তিনি বলেন, ‘আমার সংগীতজীবনের দীর্ঘদিনের পথচলায় অনেক কিছু পেয়েছি। অনেক অর্জন, অনেক প্রাপ্তি—গুণীজনদের স্নেহ, ভালোবাসা, কোটি কোটি ভক্ত-শ্রোতার অপরিসীম ভালোবাসা আর সবার দোয়া। জীবনে এসব অনেক বড় প্রাপ্তি। ঢাকায় যখন ৪০ বছরের অনুষ্ঠান করি তখন অনেকেই এসেছিলেন। বিশেষত শ্রদ্ধেয় রুনা লায়লা আপা আমার অনুষ্ঠানে দীর্ঘ সময় ছিলেন। তাঁর উপস্থিতি আমাকে ভীষণভাবে আনন্দিত করেছিল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাবের প্রতি। কারণ এই দুটি প্রতিষ্ঠানের প্রবল আগ্রহেই টরন্টোতে আমার সংগীতজীবনের ৫০ বছরের এই আয়োজন সম্ভব হচ্ছে। আরও যাঁরা নেপথ্যে থেকে অনুপ্রেরণা দিচ্ছেন, তাঁদের প্রতিও অনেক ভালোবাসা। সবার দোয়া আর ভালোবাসা চাই।’

আরও পড়ুন: সাবিলার প্রেমে ডিওপি মামুন, ভাঙনের সুর বেজেছে দুই সংসারে

তপন চৌধুরী জানান, অনুষ্ঠানে তিনি ১৫টি বা তার বেশি গান পরিবেশন করবেন। গানের তালিকায় থাকবে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিন কি রাতে’, ‘কান্দো কেনে কেমন’, ‘কত কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আমি সবকিছু ছাড়তে পারি’ ইত্যাদি।