অবরোধকারীদের সঙ্গে গোলাগুলি, সেনা পাহারায় সাজেক ছাড়লো ৩ হাজার পর্যটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘাইহাটের গঙারাম এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১
এদিকে, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকবাহী যানবাহনগুলো সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
এর আগে সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ ও পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার
পরিস্থিতির অবনতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।





