প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: 'ইস বড় সুযোগ, শুধু একটা স্নাইপারের অভাব’ মন্তব্যকারী গ্রেফতার

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনা সৃষ্টি করার অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে তাঁকে আটক করে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের একটি দল।এসআরবি-৫ অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী রাজশাহী সফর করেন। ওই সফরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে সেখানে আপত্তিকর মন্তব্য করেন বলে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: খুলনার দাকোপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এরপর মন্তব্যকারীর পরিচয় শনাক্ত করতে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানা, এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটিএসবি ও সিআরটি কাজ শুরু করে। পরিচয় শনাক্তের পর এসআরবি সদস্যরা তাঁর বাবার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাঁর বাবা জানান, আবু বক্কর সিদ্দিক তাঁর মামার বাড়িতে অবস্থান করছেন।

এর ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের একটি দল পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় তাঁর মামা মো. আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। আটক ব্যক্তির পরিচয় হিসেবে দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম মো. আয়নাল হক। তাঁর গ্রামের নাম কচুয়াতৈল এবং ডাকঘর খড়খড়ি বাজার, জেলা রাজশাহী।

আরও পড়ুন: বিআরটি প্রকল্প নিয়ে তুঘলকি কাণ্ড

উল্লেখ্য, মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান রুয়েটের একটি বাসে করে রাজশাহীর নগরীতে প্রবেশ করেন। এসময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানায়। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।

তবে ‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি সংযুক্ত করা হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয় ‘ইস! একটা বড় সুযোগ, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। এই মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

এদিকে, ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়লে তৎপর হয় আইনশৃঙ্খলাবাহিনী। আবু বকরকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ‘ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেজে একজন একটি মন্তব্য করেছেন যা অত্যন্ত উদ্বেগজনক অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’