সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৫৭ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত সবাইকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র: আইআরজিসি

এর আগে একই দিন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটির আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় দুজন নিহত হয়েছেন।

ইয়েমেনের হুথি বাহিনী এবং সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই সৌদি আরবের বিমানবন্দরগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটছে।

আরও পড়ুন: দুবাইয়ে ওয়ার্ল্ড আর্ট মেলা, প্রদর্শিত হবে ১০ হাজার শিল্পকর্ম

রিয়াদের বিমানবন্দরেও হামলা ও প্রাণহানি

গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ১১ জন আহত হন।

এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের

হুথি বাহিনীর অব্যাহত হামলার প্রেক্ষাপটে বুধবার সৌদি আরবে নিজেদের কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এদিকে বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুথি বাহিনীর আরও হামলার আশঙ্কা জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।