কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলনের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৪ জন নারী ও একটি শিশু রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চোরবাজার সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। চলতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্যান্ডেলটিকে ‘সেরার সেরা’ স্বীকৃতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: জেএনজি আন্দোলনে এবার উত্তাল ফ্রান্স থেকে আর্জেন্টিনার ৮ দেশ

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয়ের জন্য বিপুলসংখ্যক মানুষ প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েন। ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষের উপস্থিতিতে সেখানে অতিরিক্ত ভিড় ও চাপাচাপির পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পদদলনের ঘটনা ঘটে। এতে অনেকে জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে ১৯ জনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, প্যান্ডেলে ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এ ছাড়া প্রয়োজনের তুলনায় পুলিশ ও স্বেচ্ছাসেবকের উপস্থিতিও কম ছিল বলে তাঁরা জানিয়েছেন।

আরও পড়ুন: হুতিদের ঠেকাতে সৌদির পক্ষে যুদ্ধে নামছে আরব আমিরাত

ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি এ ঘটনার জন্য পূজা আয়োজক কমিটিকে দায়ী করেছেন। পাশাপাশি অন্য পূজামণ্ডপগুলোকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্যান্ডেল কমিটির একটি ঘোষণাকে কেন্দ্র করে পদদলনের ঘটনার সূত্রপাত হয়। হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তিনি বলেন, একজন ছাড়া বাকি সবাই ভালো আছেন।

নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ও ডি-গ্রেডের একটি সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।