প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

Shahrier Islam Pallab
মোঃ ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩৪ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কারাবন্দি বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তাঁর দুই মেয়ে। গত ২০ অক্টোবর রাজশাহীতে এ ঘটনা ঘটে। দুই মেয়ের এমন আকুতির পর কারাবন্দি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন পরিবারটিকে সহযোগিতার উদ্যোগ নেন।

আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁর দুই মেয়ে জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এ সময় তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি কারাবন্দি নেতার আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক।

মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। কারাবন্দি নেতার কারাগারে আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।”

আরও পড়ুন: অসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসক

মাহাবুর রশিদ রেন্টুর মেয়ে জারিন তাসনিম রাহি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং তাঁকে দায়িত্ব দিয়েছেন। প্রশাসক মহোদয় বাবার মুক্তি পাওয়া পর্যন্ত তাঁকে যতটা সম্ভব ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ইতোমধ্যে তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও কথা দিয়েছেন।”

বাবার মুক্তি ও তাঁর সুস্থতা নিয়ে উদ্বিগ্ন পরিবারটি প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহযোগিতা পাওয়ায় আশাবাদী। আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থান ও আইনি সহযোগিতার আশ্বাসে কারাবন্দি নেতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রাসিক প্রশাসক।