নীরবতা ভেঙে রহস্য বাড়ালেন পাভেল

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৪৬ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যক্তিগত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। অবশেষে এক মাসেরও বেশি সময় পর নতুন পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেতা। তার পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সেট থেকে একটি ছবি প্রকাশ করেন পাভেল। ছবিতে তাকে একটি কালো ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের (মারজুক রাসেল) কক্ষে দেখা যায় এই পুতুলটিকে। এর গায়ে নীল কাপড়, মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত অন্তর্বাস রয়েছে। ম্যানিকুইনটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে।

আরও পড়ুন: শিউলি ফুলের খোঁজে পরীমনি

ছবির ক্যাপশনে পাভেল লিখেছেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল (পরের শব্দ প্রকাশযোগ্য না)।’ তার এমন মন্তব্যের পেছনে কী ইঙ্গিত রয়েছে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুসারীদের মধ্যে।

পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘জাকির ভাই কামব্যাক দিলেন নাকি?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অভিনয়ে প্রতিদিন ভালো করছেন পাভেল, শুভকামনা।’

আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ক্লেফেইস’

গত মাসে পাভেলের একটি পাঁচ মিনিটের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এ ঘটনার পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বে তাঁর উপস্থিতি নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে মঙ্গলবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রকাশিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টারে দেখা গেছে তাঁকে।

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। দেশে ফেরার পর স্টেজ শো ও ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করলেও প্রথম দিকে তেমন পরিচিতি পাননি।

নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। এতে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

এ ছাড়া কাজল আরেফিন অমির ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন পাভেল।