ঐশ্বরিয়ার হাত ছুঁতেই সালমানকে ধমক বানসালির
বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহ এখনো কমেনি। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া হাম দিল দে চুকে সানাম সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এবার সেই সিনেমার শুটিংয়ের একটি ঘটনা সামনে এনেছেন অভিনেত্রী স্মিতা জয়কর। তার দাবি, শুটিংয়ের সময় ঐশ্বরিয়ার হাত স্পর্শ করায় সালমান খানকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বানসালির কাছে।
সিনেমাটিতে ঐশ্বরিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্মিতা। সম্প্রতি সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ ঘটনা জানান।
আরও পড়ুন: নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই জনপ্রিয় সিরিজ
স্মিতার বর্ণনা অনুযায়ী, সিনেমার ‘আঁখো কি গুস্তাখিয়া’ গানের একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যের পরিকল্পনা অনুযায়ী, একটি টেবিলের চারপাশ দিয়ে ঘুরে ঐশ্বরিয়ার কাছে যাওয়ার কথা ছিল সালমানের। এরপর তার দাঁড়িয়ে ঐশ্বরিয়ার দিকে তাকানোর কথা ছিল। কিন্তু শুটিংয়ের সময় সালমান ঐশ্বরিয়ার হাত স্পর্শ করেন, যা দৃশ্যের নির্ধারিত অংশ ছিল না।
এ ঘটনায় আপত্তি জানান পরিচালক সঞ্জয় লীলা বানসালি। স্মিতা জানান, সালমানকে উদ্দেশ করে পরিচালক জানতে চেয়েছিলেন, তিনি কেন ঐশ্বরিয়াকে স্পর্শ করেছেন। কারণ, দৃশ্যটিতে সালমানের শুধু দাঁড়িয়ে ঐশ্বরিয়ার দিকে তাকানোর কথা ছিল।
আরও পড়ুন: একই গান দুবার গেয়েছিলেন শ্রেয়া, নেপথ্যে ছিল যে কারণ?
স্মিতার মতে, ঐশ্বরিয়ার প্রতি সালমানের ভালো লাগা থেকেই এমনটা ঘটে থাকতে পারে। শুটিংয়ের সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতার বিষয়টিও তার চোখে পড়েছিল বলে জানান অভিনেত্রী।
শুটিং সেটে দেরিতে পৌঁছাতেন সালমান-ঐশ্বরিয়া
সাক্ষাৎকারে হাম দিল দে চুকে সানাম সিনেমার শুটিংয়ের আরও কিছু স্মৃতি তুলে ধরেন স্মিতা জয়কর। তার ভাষ্য, সিনেমাটির কাজ চলার সময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল। তাদের ব্যক্তিগত সম্পর্কের প্রভাব পর্দার অভিনয়েও পড়েছিল বলে মনে করেন তিনি।
স্মিতা জানান, কখনো কখনো সালমান ও ঐশ্বরিয়া একসঙ্গে দেরি করে শুটিং সেটে পৌঁছাতেন। সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তাদের জন্য অপেক্ষা করতে হতো অন্য শিল্পী ও কলাকুশলীদের। এ নিয়ে ইউনিটের সদস্যদের মধ্যে অসন্তোষও ছিল।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে না পারায় অনেকে অভিযোগ করতেন। কখনো কখনো সালমান ও ঐশ্বরিয়াকে সকাল ১১টার দিকে একসঙ্গে সেটে আসতে দেখেছেন বলেও জানান তিনি। তবে দুজনের সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে এ নিয়ে খুব বেশি মন্তব্য করতেন না স্মিতা।
যে কারণে ভেঙে যায় সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত হাম দিল দে চুকে সানাম মুক্তি পায় ১৯৯৯ সালে। এতে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের পাশাপাশি অভিনয় করেন অজয় দেবগন। সিনেমাটির প্রেমের গল্প ও গান দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
সিনেমাটিতে একসঙ্গে কাজ করার সময় সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। তবে ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা সামনে এসেছে।
২০১২ সালে সিমি গারেওয়ালের একটি সাক্ষাৎকারে সালমানের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাননি ঐশ্বরিয়া। তিনি জানিয়েছিলেন, অতীতের অধ্যায় পেছনে ফেলে এসেছেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আর কথা বলতে আগ্রহী নন।
২০০৭ সালের এপ্রিলে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। তাদের এক কন্যাসন্তান রয়েছে।





