ধলপুর সিটি পল্লীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকের মূল ঘাঁটি উচ্ছেদ, জনমনে স্বস্তি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা পুলিশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ধলপুর সিটি পল্লী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের মাদক ব্যবসার আস্তানা উচ্ছেদ করেছে। এতে এলাকায় মাদক কারবারিদের আনাগোনা বন্ধ হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের মনে স্বস্তি ফিরে এসেছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি পল্লী ও তৎসংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ও গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় কোমলমতি শিক্ষার্থী ও কিশোর-তরুণরা মাদকাসক্তির মারাত্মক ঝুঁকিতে ছিল। পূর্বে এ এলাকা থেকে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ফলে মাদকের স্থায়ী ঘাঁটি ও অনুকূল পরিবেশ ধ্বংস করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: রাজধানীতে শ্রাবণ পরিবহণ বাসে আগুন

গত ১ নভেম্বর ২০২৬ খ্রি. হতে ২ নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত অভিযানকালে পুলিশ ও সিটি কর্পোরেশন যৌথভাবে মাদক কারবারিদের অবৈধ স্থাপনা ও আস্তানা উচ্ছেদ করে। অভিযান শেষে ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল, সাদা পোশাকে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল হতে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নিয়মিত ৩৫টি মাদক মামলা ও ৩টি পুলিশ আক্রমণের মামলা রুজু করা হয়। এছাড়া ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ই-রিকশার নিবন্ধন শুরু ৩ নভেম্বর, ফরমের দাম ১০০ টাকা

ডিএমপির মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে কার্যক্রম অব্যাহত রেখেছে।