শপিং মল ও দোকানপাট খোলার সময়সূচি পরিবর্তনের জোর দাবি
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে আবেদনটিতে স্বাক্ষর করেন সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে ৬৭০ পোশাক কারখানা বন্ধ, কাজে আসেননি ১৬ লাখ শ্রমিক
আবেদনে সংগঠনটি জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সরকারের উদ্যোগের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে বর্তমান ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিতে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমিতির দাবি, দেশের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতার উপস্থিতি এবং বিক্রি কমেছে। নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করতে হওয়ায় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনায় হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়ছেন। কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
আবেদনে আরও বলা হয়, বিনিয়োগের নিরাপত্তা, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতির স্বার্থে রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া প্রয়োজন।
ব্যবসায়ীদের যুক্তি, শীতের মৌসুমে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেক ক্রেতা কেনাকাটা করতে মার্কেটে আসেন। রাত ৮টার মধ্যে দোকান বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা বিক্রির গুরুত্বপূর্ণ সময় হারান। রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলে ক্রেতারা বাড়তি সময় পাবেন এবং ব্যবসায়ীদের বিক্রি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করেন সংগঠনের নেতারা।





