তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্টার’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের চলচ্চিত্র ‘মাস্টার’। যুক্তরাজ্য ও নরওয়ের তিনটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি। এর মধ্যে রয়েছে লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বেলফাস্ট চলচ্চিত্র উৎসব এবং ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন নির্মাতা নিজেই। পোস্টে তিনি জানান, আগামী ৩০ ও ৩১ অক্টোবর যুক্তরাজ্যের লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘মাস্টার’। এরপর ১ নভেম্বর বেলফাস্ট চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সিনেমাটি। সবশেষে ৯ থেকে ১১ নভেম্বর নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’ উৎসবে দেখা যাবে ছবিটি।

আরও পড়ুন: ‘অন্যপাতা’ দিয়ে বড় পর্দায় অভিষেক, তিহা হয়ে দর্শকের ভালোবাসা পেয়েছি: প্রত্যাশা ঘোষ

লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘কনস্টেলেশন’-এ নির্বাচিত হয়েছে ‘মাস্টার’। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই উৎসবে অংশ নিচ্ছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। এর আগে তার নির্মিত ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটার্স’ সিনেমাটিও উৎসবটিতে প্রদর্শিত হয়েছিল।

সিনেমাটির প্রশংসা করেছে সংশ্লিষ্ট উৎসব কর্তৃপক্ষও। লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিবেচনায়, ‘মাস্টার’ বাংলাদেশের একটি বুদ্ধিদীপ্ত ও টানটান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাট্যধর্মী চলচ্চিত্র। ক্ষমতার সূক্ষ্ম প্রভাব কীভাবে ব্যক্তি ও সমাজকে দুর্নীতিগ্রস্ত করে তোলে, তা ছবিতে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তাহমিমা আনামের ‘গুড বুকস’ আসছে টিভি পর্দায়

অন্যদিকে, বেলফাস্ট চলচ্চিত্র উৎসব ছবিটির নির্মাণশৈলীর প্রশংসা করেছে। তাদের মতে, রঙের ব্যবহার, বাস্তব প্রশাসনিক স্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের দক্ষ উপস্থাপনার মধ্য দিয়ে চলচ্চিত্রটিতে একটি জীবন্ত ও জটিল জগৎ তৈরি করেছেন নির্মাতা।

নিজের পোস্টে রেজওয়ান শাহরিয়ার সুমিত জানান, সমকালীন বিশ্বকে প্রভাবিত করা ক্ষমতার নীরব ও পরিবর্তনশীল কাঠামোই ‘মাস্টার’ চলচ্চিত্রের মূল উপজীব্য। একই সঙ্গে লিডস, বেলফাস্ট ও অসলোতে বসবাসরত দর্শক, বন্ধু ও স্বজনদের সিনেমাটির প্রদর্শনীতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।