শাজাহানপুরে বীর মুক্তিযোদ্ধার কন্যার আবাসন স্বপ্ন পূরণ করলো ‘চেষ্টা’

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৩২ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে এক বীর মুক্তিযোদ্ধার কন্যার আঁধারে ঘেরা জীবনে আশার আলো জ্বালালো মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চেষ্টা’। দীর্ঘদিনের মাথাগোঁজার ঠাঁই না পাওয়ার কষ্ট ঘুচিয়ে সংগঠনটির পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হলো একটি সুন্দর নতুন ঘর। এটি ‘চেষ্টা’র পক্ষ থেকে হস্তান্তর করা ৯ নম্বর বাড়ি।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) উপজেলার ডেমাজানী ইউনিয়নের ফুলকোট এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই নতুন বাড়িটি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: কলমাকান্দায় বসতঘর থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার, আটক ১

​সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলামের কন্যা রুখসানা বেগম দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। তাঁর আবাসনের সংকট দূর করতে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চেষ্টা’। সংগঠনটির ৯ নম্বর বাড়ি হিসেবে রুখসানা বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

​হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ও বাড়ি হস্তান্তরকারী হিসেবে উপস্থিত ছিলেন ‘চেষ্টা’র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন।এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির আজীবন সদস্য নিম্মি চৌধুরী, সাধারণ সম্পাদক গুলশান নাসরিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসিমা জামান, সাংগঠনিক সম্পাদক কানিজ মাহমুদ, দপ্তর সম্পাদক শাকেরা খান, প্রাক্তন সাধারণ সম্পাদক দিলরুবা রুবি এবং সদস্য রিফফাত লুসি, আইভি মামুন ও শাহনাজ মান্নান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন: এইচএসসির ফলে সোনারগাঁওয়ে শীর্ষে স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ

​উল্লেখ্য, গত ১৬ বছর ধরে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে ‘চেষ্টা’। অসচ্ছল ও মুক্তিযোদ্ধা পরিবারগুলোর আবাসন সংকট নিরসনে সংগঠনের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী।