বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে লাহোর
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শুক্রবার সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ চিত্র উঠে এসেছে।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
তালিকা অনুযায়ী, ৪৫৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৪৪ এবং তৃতীয় অবস্থানে থাকা কলকাতার স্কোর ২৩৫। অন্যদিকে ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুর নির্দেশক। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য ও দূষণের মাত্রা পর্যবেক্ষণ করে থাকে।





