সারাদেশে কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৩ বিভাগে বৃষ্টির আভাস

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিনও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (৯ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।