বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের (ইইউফর) প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের সবাই চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইইউফর।

বৃহস্পতিবার বসনিয়ার ব্রচকো অঞ্চলে নিয়মিত প্রশিক্ষণের সময় সিএইচ-৪৭ চিনুক মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এলাকাটি দেশটির রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

আরও পড়ুন: সুদানের দারফুরে বাজারে ড্রোন হামলা, নিহত ১০০

ইতালির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা সবাই দেশটির নাগরিক ছিলেন। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত চারজনের মধ্যে দুজন সেনাসদস্য এবং দুজন রেড ক্রসের স্বেচ্ছাসেবক ছিলেন।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো শোক প্রকাশ করে বলেন, এই গভীর শোকের মুহূর্তে তাঁর প্রথম চিন্তা নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে। তাঁদের প্রতি তিনি নিজের এবং পুরো প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু

বসনিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সমতল মাঠে হেলিকপ্টারটি উল্টে পড়ে রয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়।

ব্রচকো হাসপাতালের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৫ জন ছিলেন। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইইউফর। সংস্থাটি জানিয়েছে, যাচাই করা তথ্য যথাযথ সময়ে প্রকাশ করা হবে।

২০০৪ সাল থেকে বসনিয়ায় ইইউর মিশন

বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনে বর্তমানে প্রায় এক হাজার থেকে দেড় হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। ২০০৪ সালে ন্যাটোর শান্তিরক্ষা বাহিনীর স্থলাভিষিক্ত হয়ে দেশটিতে কার্যক্রম শুরু করে ইইউফর।

১৯৯৫ সালে বসনিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হয়। তিন বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটানো ডেটন শান্তিচুক্তির বাস্তবায়ন তদারক করাই ইইউফরের অন্যতম প্রধান দায়িত্ব।

 সূত্র: আলজাজিরা