পড়াশোনার ফাঁকে সিনেমা, দেশের ১০ প্রেক্ষাগৃহে ‘অন্যপাতা’

Shahrier Islam Pallab
মো: সাবিত বিন নাছিম, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৪৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কয়েকজন তরুণের স্বপ্ন থেকে শুরু। দুই বছরেরও বেশি সময় ধরে পড়াশোনা, পরীক্ষা আর জীবনের নানা ব্যস্ততার ফাঁকে সেই স্বপ্নকে বড় পর্দায় রূপ দিয়েছেন তারা। এবার দর্শকের সঙ্গে পরিচিত হওয়ার পালা। শুক্রবার (২৩ অক্টোবর) দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিক্ষার্থীদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’।

বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনেরও বেশি শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। মুক্তির আগেই ট্রেলার প্রকাশের পর ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণ দর্শকদের মধ্যে ছবিটির গল্প ও উপস্থাপনা নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

আরও পড়ুন: মঞ্চ থেকে বড় পর্দা, অভিনয়ে নিজস্ব পরিচয় গড়ছেন সূচনা শিকদার

চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্র তিহার ভূমিকায় অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা ঘোষ। অভিনয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "অভিনয়ের প্রস্তাবটি আমার কাছে বেশ আকস্মিকভাবেই এসেছিল। পরিচালক ও প্রযোজকের তিহা চরিত্রটির জন্য আমার ন্যাচারাল লুক পছন্দ হয়। স্ক্রিপ্ট শোনার পর আমারও মনে হয়েছিল, চরিত্রটি আমি ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারব।

এর আগে অভিনয় কিংবা ক্যামেরার সামনে এতটা সময় ধরে কাজ করার কোনো অভিজ্ঞতা আমার ছিল না। শুরুতে কিছুটা ভয় কাজ করলেও পুরো টিমের সহযোগিতায় ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নিজেও একজন শিক্ষার্থী, তাই সিনেমার ভর্তি পরীক্ষাকেন্দ্রিক গল্পের সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছি। চেষ্টা করেছি পরিচালকের পরামর্শ অনুযায়ী যতটা সম্ভব স্বাভাবিক ও অকৃত্রিমভাবে তিহা চরিত্রটিকে পর্দায় তুলে ধরতে।

আরও পড়ুন: নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই জনপ্রিয় সিরিজ

অভিনয়ের পাশাপাশি শুটিংয়ের সময় মিউজিক ভিডিওসহ সিনেমার কয়েকটি দৃশ্যের আইডিয়াও আমার মাথায় আসে। সেগুলো এনি ভাইয়ার সঙ্গে শেয়ার করলে তিনি বেশ ইতিবাচকভাবে নেন এবং বাস্তবায়নে সহযোগিতা করেন। সব মিলিয়ে, অভিজ্ঞতাটি আমার জন্য নতুন কিছু শেখার এবং নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার দারুণ একটি সুযোগ ছিল। দর্শকেরা তিহা চরিত্রটির মধ্যে বাস্তবতা ও নিজেদের পরিচিত অনুভূতি খুঁজে পেলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। "

বিশ্ববিদ্যালয়ে ভর্তির চাপ, পরিবারের প্রত্যাশা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং এসবের মধ্যেই গড়ে ওঠা ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’। শিক্ষার্থীদের পরিচিত জীবন, অনুভূতি ও বাস্তবতার সঙ্গে মিল রেখে গল্পটি দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১০টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে চলচ্চিত্রটি। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমায়; চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড ও সুগন্ধা সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ছবিটি। এ ছাড়া কুমিল্লার কে-স্ক্রিন, বগুড়ার মম ইন সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স এবং রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউতেও দেখা যাবে ‘অন্যপাতা’।

শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রের মুক্তি তরুণ নির্মাতাদের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ অর্জন, তেমনি নিজেদের গল্প বড় পর্দায় তুলে ধরার একটি সুযোগ। এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় নির্মাতা ও অভিনয়শিল্পীরা।