মুন্সীগঞ্জের যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Sadek Ali
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুব হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ভবিষ্যতে দলীয় নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের পরিচিতি সভা

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মাহবুব হাসান সোহাগকে এর আগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হয়েছে।

আরও পড়ুন: পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, ক্ষতি ২ লাখ টাকা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় মাহবুব হাসান সোহাগ বলেন, পরবর্তীতে দলের কোনো নির্দেশনা অমান্য করব না। দলীয় শৃঙ্খলা মেনে চলব এবং দলের পক্ষে কাজ করব।

এছাড়াও একই সংবাদ বিজ্ঞপ্তিতে যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান ফারুকের বহিষ্কারাদেশ ও অব্যাহতির আদেশ প্রত্যাহারের কথাও জানানো হয়।