৬ বিভাগে বৃষ্টির আভাস
দেশের ছয় বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাকি অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিনও দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
আরও পড়ুন: আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থার বিবরণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়। পরে এটি স্থল গভীর নিম্নচাপ ও স্থল নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে এটি ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও দুর্বল হতে পারে।
এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





