যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিভাগের দাবি, ইতোমধ্যে অধিকাংশ এলাকায় সংযোগ পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি, সেখানেও দ্রুত সংযোগ চালু করার চেষ্টা চলছে। স্বল্প সময়ের মধ্যে বাকি এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। সাময়িক এ বিপর্যয়ের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করা হয়েছে।
এদিকে পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই। চট্টগ্রামের কিছু অংশেও একই পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারিগরি কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন।
প্রতিষ্ঠানটি আরও জানায়, জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে।





