শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:১৭ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না; বরং ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাঁর দেশে ফেরার পর আইনগত প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বারবার আলোচনা হলে একই বিষয় ঘিরে দীর্ঘদিন জল্পনা চলতে থাকবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

আরও পড়ুন: সস্তা বাহবা নেওয়ার জন্য আইজিপির বক্তব্য, স্বস্তির বদলে সরকারকে বিব্রত করবে: রিজভী

এ প্রসঙ্গে ডিসেম্বর ও পরবর্তী জুন মাসের উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফেরার কথা বলা হলেও তা বাস্তবায়িত না হলে আবার নতুন সময় নিয়ে আলোচনা শুরু হতে পারে। এতে একই বিষয় নিয়ে বারবার জল্পনা তৈরি হবে।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উদাহরণও টানেন তিনি। জাহেদ উর রহমান বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি; তিনি মন্ত্রিসহ দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং পাঁচটি আসনে জয়ী হয়েছিলেন। তাঁর দলের ৩৫টি আসন ছিল বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

আরও পড়ুন: জাপানের সঙ্গে অংশীদারত্ব নতুন উচ্চতায় নিতে চান তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তাই এ নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করার পরামর্শ দেন তিনি।

উপদেষ্টার ভাষ্য, প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। ফলে সফরের সময়সূচি নিয়ে জল্পনা না করাই ভালো।