স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৯ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শিল্পকারখানা বন্ধ করে অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মিল-কলকারখানা দেশের প্রাণ, অর্থনীতির প্রাণ। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ মানুষ কাজ করেন। অতীতে যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল, তারা এখন অর্থনীতিকেও ধ্বংস করতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে খুলনা শহরের কেন্দ্রস্থল ডাকবাংলো মোড়ে আয়োজিত এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। আজ খুলনায় এসেছি নতুন কুঁড়ি উদ্বোধন করতে। খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিটি স্তরে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, এক যুগ ধরে জোর করে ক্ষমতা দখল করে রাখা এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া স্বৈরাচারী শক্তিকে এ দেশের মানুষ বিতাড়িত করেছিল। যারা লুটপাটের রাজনীতি শুরু করেছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ২০২৪ সালে দেশের গণতন্ত্রকামী মানুষ যেভাবে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল, সেই শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের স্বার্থে যে যাত্রা শুরু হয়েছিল, কোনো ষড়যন্ত্রের কাছে সেই যাত্রাকে মাথানত করতে দেওয়া হবে না। জনগণের প্রত্যাশিত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখন থেকে সবার একটাই প্রত্যাশা হওয়া উচিত—জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে জেলার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় আগে থেকেই একটি পথসভার আয়োজন করা হয়। সেখান থেকে রূপসা সেতু পার হয়ে খুলনা শহরে প্রবেশ করেন তিনি। পরে ডাকবাংলো মোড়ের মঞ্চে অনির্ধারিত পথসভায় বক্তব্য দেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলা ও বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। রূপসার পথসভা শেষে বেলা ২টা ৩৪ মিনিটে খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি সিজন-২ উদ্বোধনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

এ সময় কুদির বটতলা থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে এবং হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।