এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে দলটির রাজনৈতিক অবস্থান, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে নিজের মতপার্থক্যের কথাও তুলে ধরেছেন।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।’ প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন বলেও উল্লেখ করেন।
আরও পড়ুন: নাহিদ ইসলামকে আইনি নোটিশ
তিনি বলেন, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো দিক থেকেই মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোট গঠন করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেছিলেন।
সামান্তা শারমিন আরও জানান, গত ১১ মাস ধরে এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি দলের ভেতরে আলোচনা, বিতর্ক ও মতাদর্শিক সংগ্রামের মাধ্যমে দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
তার ভাষ্য, সংগঠনের গৃহীত নীতিগুলোকে স্বীকৃত ফোরামে যুক্তিসংগতভাবে চ্যালেঞ্জ করাই ছিল দলকে সঠিক পথে রাখার গণতান্ত্রিক উপায়। তবে প্রায় এক বছরের এই প্রচেষ্টার পর তিনি মনে করছেন, এনসিপির পক্ষে দলের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকা সম্ভব নয়।
পদত্যাগের সময় নিয়ে তিনি লেখেন, কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে পদত্যাগ করলে বিষয়টি মূল্যায়ন করা সহজ হতো। তবে সে সময়ের অপেক্ষা করাকে তিনি অর্থহীন মনে করেছেন।
তিনি আরও বলেন, এনসিপি বিভিন্ন সময়ে নানা ধরনের রাজনৈতিক ভূমিকা নিতে পারে, এমনকি জামায়াতের সঙ্গে জোট ত্যাগের সিদ্ধান্তও নিতে পারে। কিন্তু পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি গড়ে তুলতে পারবে কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে।
সামান্তা শারমিন বলেন, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রের নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে না; বরং বাধা হয়ে দাঁড়াবে। এতদিন দলের সঙ্গে যেসব মতপার্থক্য ও আলোচনা হয়েছে, সেসব বিষয় দলের সদস্য এবং দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর এনসিপি ঘোষিত নতুন কমিটিতে সামান্তা শারমিনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এর আগে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নতুন কমিটিতে পদমর্যাদা কমে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এ নিয়ে এর আগেও নিজের অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছিলেন তিনি।





