৪০ কোটি ডলারের ঋণও দিচ্ছে রিয়াদ
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া
সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সফরকালে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়। তবে চুক্তির আওতায় কী ধরনের সহযোগিতা করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার প্রেসিডেন্ট। এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি আরবে এটি ছিল দুই নেতার দ্বিতীয় বৈঠক।
আরও পড়ুন: মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন জনপ্রতিনিধির জয়
এ চুক্তি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
এর আগে গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত বাড়তে থাকায় সিরিয়া সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। সে সময় সিরিয়ার এক কূটনীতিক জানিয়েছিলেন, সামরিক সহযোগিতা বা অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে কোনো অনুরোধ এলে তা দুই দেশের আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমেই এবং বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির কাঠামোর মধ্যে সম্পন্ন হবে।
আরও পড়ুন: সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা খেল রিপাবলিকানরা
সিরিয়াকে ৪০৩ মিলিয়ন ডলারের বেশি ঋণ দেবে সৌদি আরব
প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পাশাপাশি সিরিয়ার সঙ্গে আরও কয়েকটি চুক্তি করেছে সৌদি আরব। সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উন্নয়ন ও সেবা খাতকে সহায়তা দিতে সৌদি উন্নয়ন তহবিল (এসএফডি) এবং সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ছয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এসব চুক্তির আওতায় ৪০৩ মিলিয়ন ডলারের বেশি সহজ শর্তে উন্নয়ন ঋণ দেওয়া হবে সিরিয়াকে।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সৌদি আরব। পাশাপাশি দেশটিকে আর্থিক সহায়তাও দিয়ে আসছে রিয়াদ।
সূত্র: টাইমস অব ইসরাইল





