নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগালো ডিএসসিসি
রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে পুনরায় ফুটপাত দখল ঠেকাতে সেখানে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব বসানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৫ কলেজের পাশ করেনি কেউ : জেলায় পাসের হার ৪১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন
ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেটসংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। পাশাপাশি প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কও দখলমুক্ত করা হয়েছে।
অভিযান শেষে দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধি এবং পুনরায় অবৈধ দখল প্রতিরোধে বিভিন্ন ধরনের ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব স্থাপন করা হয়।
আরও পড়ুন: সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, থেমে থেমে চলছে গুলিবর্ষণ
অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সংশ্লিষ্টদের বারবার অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ অবৈধভাবে সেখানে ব্যবসা পরিচালনা করলে মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাঁদের সহযোগিতায় সড়কে অবৈধভাবে কাউকে বসতে দেওয়া হবে না বলেও জানান প্রশাসক।
তিনি আরও বলেন, নিউমার্কেট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনোভাবেই জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
হকারদের সার্ভিস চার্জ কমানোর দাবি প্রসঙ্গে প্রশাসক জানান, এ বিষয়ে হকারদের পক্ষ থেকে উত্থাপিত দাবি ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর সে অনুযায়ী তালিকা প্রস্তুত করা হবে। নির্ধারিত তালিকার বাইরে কাউকে কোথাও বসার সুযোগ দেওয়া হবে না।
এ সময় এলাকার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএসসিসির প্রশাসক।





